পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লোডশেডিং অপ্রত্যাশিত ভাবে হচ্ছে। কারণ বিশ্বজুড়ে গণ্ডগোল। আমাদের নিজস্ব তেল গ্যাস নেই। তেল গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। তাই হঠাৎ টান পড়ে গেছে। এর জন্য আমাদের কয়েকটা দিন একটু সমন্বয় করতো হবে।
যে ঘরে দুইটি বাতি প্রয়োজন সেই ঘরে অহেতুক বিদ্যুৎ থাকলেও ৫টি বাতি জ্বালানো উচিৎ নয়। অর্ধেক প্লেট ভাত খেয়ে অর্ধেক ফেলে দেয়া ফুটানি কোনো লোকেই করা ভালো না। আমরা স্বীকার করছি আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমার বিশ্বাস এই আগস্ট মাসের দিকে ধীরে ধীরে বিদ্যুতের উন্নতি হবে। আগামী মাসে লোডশেডিং আর থাকবে না।
তাই দেশবাসীকে একটু সহ্য করতে আহ্বান পরিকল্পনা মন্ত্রীর।
মন্ত্রী বলেন, উস্কানীমূলক মন্তব্য জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে দাও, ভেঙ্গে দাও এমন কর্মকাণ্ড স্বাধীন দেশে মানায় না। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে সকলের সহযোগিতায় এই অসুবিধা সময় পার করতে হবে বলে জানান তিনি।
বুধবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামান, ওসি মো. খালেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/শহীদ/সামিউল/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.