প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২ ১৯:৩৬ (বুধবার)
নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার ৪ হিজড়া

রাজধানীর উত্তরায় চাঁদার টাকা না দেওয়ায় এক নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (১৪ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়- ‘৯ নম্বর সেক্টরের এলাকায় এক ভাড়াটিয়ার গত  ৬ আগস্ট একটি কন্যা সন্তান জন্ম দেন। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়। রোববার (১৪ আগস্ট) অভিযুক্ত হিজড়ারা ওই বাসায় গিয়ে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে বাড়ির একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু চাহিদা মতো টাকা না পেয়ে হিজড়ারা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় সেখানে হিজড়াদের চিৎকার-চেঁচামেচিতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

পরে ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে ওই চার হিজড়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক পরিবারের দেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার চার হিজড়ার নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/বানি/জেপি