গুচ্ছভুক্ত বাণিজ্য অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিতির হার ৯২.৫৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৭.৪৪ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার (২০ আগস্ট) দুপুরে ভর্তিপরীক্ষা কমিটির শাবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুচ্ছের সি ইউনিটে সিলেট বিভাগ থেকে আবেদনকারী ছিল ৮৩০ জন।
এর মধ্যে আজ পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৬১ জন।
এর আগে বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা চলে।
অধ্যাপক রাশেদ তালুকদার সাংবাদিকদের বলেন, কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি এবং ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩০ জুলাই সারা দেশব্যাপী গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরে ০৪ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এরপর ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.