প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২ ২৩:০৪ (শনিবার)
সিলেটে ছড়া-রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ, দেখার কেউ নেই!

সিলেট মহানগরীর ছড়াসহ বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তুপ পড়ে রয়েছে গেছে। এতে উৎকট দুর্গন্ধ সৃষ্টি হয়ে মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন।

শুধু ছড়ায় বা রাস্তাঘাটের পাশে নয়- ময়লা-আবর্জনার ভাগাড় রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ক্লাসরুমেও।  এ অবস্থায় ক্লাসের শিক্ষার্থী ও শিক্ষকরা রয়েছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

এমন সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ। তিনি ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন- ‘সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও জেলা প্রশাসক (ডিসি) অফিসের মধ্য দিয়ে প্রবাহিত ছড়ায় আবর্জনার পাহাড় জমে আছে। জমে থাকা বিশাল ময়লার পাহাড়ের কারণে খুব বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে ক্লাস নেয়া কষ্টকর। মাঝে-মধ্যে মনে হয়- ভেতর থেকে নাড়ীভুঁড়ি বেড়িয়ে আসবে। এরকম অসহ্য পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাবো আমার জানা নেই।’

সিলেটভিউ-কে তিনি বলেন- ‘গত ১০ বছর ধরি আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। কখনো সিটি কর্পোরেশনের কাউকে ছড়া পরিষ্কার করতে দেখি নাই। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ভাবা উচিত। আমরা শিক্ষক-শিক্ষিকারাসহ শিক্ষার্থীরা খুবই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। এসব ময়লার ভাগাড় দ্রুত পরিষ্কার করা উচিত।’

শুধু এ জায়গা নয়- ময়লা-আবর্জনার ভাগাড় আছে সিটি করপোরেশনের বর্ধিত এলাকায়। নতুন সিটি কর্পোরেশনে বর্ধিত হওয়া দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় অবস্থিত ইকরা কিন্ডার গার্ডেন স্কুল, বাবুস সালাম মসজিদ ও মাদ্রাসার পাশে রয়েছে বেশ কয়েকটা ময়লা-আবর্জনার পাহাড়। এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন ময়লার কারণে। নানা রোগবালাই ছড়িয়ের আশঙ্কায় ওই এলাকার বাসিন্দারা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।

স্থানীয়রা জানান, যে স্থানগুলোতে ময়লা-আবর্জনার স্তুপ রয়েছে সেখানে পানিও জমে থাকে। ফলে ‘এডিস মশার লার্ভা’ থাকার আশঙ্কাও রয়েছে। একাধিকবার সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের এসব স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা বললেও কাজ হয়নি।

এ বিষয়ে পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা সৈয়দা নাজিরা বেগম সিলেটভিউ-কে বলেন- রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়। ময়লার দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করা দায়। এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব কে নিবে? আমরা সিটি কর্পোরেশনকে একাধিকবার বিষয়টি জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’

স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিশু-কিশোররা স্কুল, মাদরাসা ও মসজিদে যায়। তাদেরসহ ওই এলাকার লোকজনের কথা চিন্তা করে এবং মানুষের স্বাস্থ্যসুরক্ষায়  দ্রুত এসব ময়লা পরিষ্কার করার আহ্বান সৈয়দা নাজিরা বেগম।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান বলেন- ‘এসব বিষয় আমাদের জানা ছিলো না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’


সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর