প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২ ১০:৪৭ (শনিবার)
সিলেটভিউয়ে সংবাদ : জিন্দাবাজারের সেই ছড়া পরিচ্ছন্ন করলো সিসিক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ’-এ সংবাদ প্রকাশের পর পরিচ্ছন্ন করা হয়েছে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়াটি। ছড়াটিতে ছিলো ময়লা-আবর্জনার স্তুপ। এতে উৎকট দুর্গন্ধ সৃষ্টি হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

তবে সোমবার (২২ আগস্ট) ছড়াটি পরিচ্ছন্ন করে সিলেট সিটি করপোরেশন। ফলে ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ায় জমে থাকা ময়লা-আবর্জনার স্তপ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ। তিনি ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন- ‘সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও জেলা প্রশাসক (ডিসি) অফিসের মধ্য দিয়ে প্রবাহিত ছড়ায় আবর্জনার পাহাড় জমে আছে। জমে থাকা বিশাল ময়লার পাহাড়ের কারণে খুব বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে ক্লাস নেয়া কষ্টকর। মাঝে-মধ্যে মনে হয়- ভেতর থেকে নাড়ীভুঁড়ি বেড়িয়ে আসবে। এরকম অসহ্য পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাবো আমার জানা নেই।’

তাঁর পেসবুক পোস্ট দেখে সিলেটভিউয়ে ‘সিলেটে ছড়া-রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ, দেখার কেউ নেই!’ শিরোনামে গত ২০ আগস্ট একটি সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের। নিউজ প্রকাশের সময় সিসিক কর্তৃপক্ষের বক্তব্য নিলে তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সিসিকের দেওয়া কথা অনুযায়ী গত ২২ আগস্ট ছড়াটি পরিচ্ছন্ন করা হয়। পাশাপশি ফগার মেশিন দিয়ে ছড়ার পার ও আশপাশ জায়গায় মশকনিধন ওষুধও স্প্রে করে সিসিক। 

ছড়া পরিচ্ছন্ন করার পর সিসিক ও সিলেটভিউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ। এ পোস্টে তিনি বলেন- ‘স্কুলের পিছন দিক দিয়ে বয়ে চলা ছড়ায় আবর্জনার পাহাড় জমেছিলো। সেটা নিয়ে দুইদিন আগে ফেইসবুকে পোস্ট করেছিলাম। আমার পোস্ট নিয়ে 'Sylhetview24.news' পত্রিকায় সংবাদ প্রচার হয়েছিলো। ঠিকই, সংবাদ প্রচারের পরেরদিন ছড়া পরিষ্কার হয়ে গেছে। বাড়তি পাওনা হিসাবে পেয়েছি, মশা নিধন ঔষধ। আজ ফগার মেশিনের ধোঁয়া ব্যবহার করে পুরো ছড়ার মশা নিধন করা হয়েছে। সিলেটভিউ এবং সিসিককে অসংখ্য ধন্যবাদ জানাই।’


সিলেটভিউ২৪ডটকম / ডালিম-০১