মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রাম হেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে পাড়ুয়াস্থ তিন তলা বিল্ডিং সংলগ্ন মাঠে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে আমরা হেমার শ্রমিকরা দুঃখ-কষ্টে দিন যাপন করছি। ১২'শ টাকায় এক গাড়ি পাথর ভেঙ্গে আমাদের সংসার চলছে না। হাড় ভাঙ্গা পরিশ্রম করে দিন শেষে আমাদের বাজার খরচের টাকাও থাকে না। অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে মজুরী বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু ব্যবসায়ীদের তরফ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। অবিলম্বে মজুরি বৃদ্ধির দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী ও আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করা হয় সমাবেশ থেকে।
সংগঠনের সিনিয়র সদস্য দুলাল মিয়া দুলাইয়ের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য তৌহিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ভোলাগঞ্জ আদর্শগ্রাম হেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রইছ আলী, সিনিয়র সদস্য আব্দুল হামিদ, সদস্য অফিক আহমদ, সংগঠনের সাবেক সভাপতি সাজ্জাদ মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/মুন্না
আইটি ল্যাব সলিউশন্স লি.