প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৮ (শনিবার)
কমলগঞ্জে শিক্ষিকার ৩ দিনের কারাভোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দেওয়া মামলায় আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গ্রেফতার হয়ে ৩ দিন কারাভোগ করেছেন।

 

এ নিয়ে প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়।

 

জানা যায়, ৫ আগস্ট পৌরসভার শ্রীনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা, তানিম চৌধুরী ও রাহিব চৌধুরীকে আসামী করে থানায় মামলা করা হয়।

 

এ মামলায় শিক্ষিকা পারভীন সুলতানাকে পুলিশ গ্রেফতার করে। পরে অসুস্থ হলে রাতেই তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশি পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সকালে প্রধান শিক্ষিকাকে মৌলভীবাজার আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। গ্রেফতারের ৩দিন পর প্রধান শিক্ষিকার মামলাটি জজ আদালতে নিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে অস্থায়ী জামিন প্রদান করে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার বলেন, প্রধান শিক্ষিকা গ্রেফতারের বিষয় উর্ধতন অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ প্রতিবেদন রির্পোট না আসা পর্যন্ত বরখাস্তের কথা বলা যাবে না।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, এজাহারভূক্ত মামলায় প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তদন্ত চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২০