হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে ঢুকে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম আয়েশা আক্তার পলি (৩০)। তিনি ওই গ্রামের সৌদিআরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ বলেন, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের গাবরু মিয়ার সাথে সৌদি প্রবাসী আক্তার মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। শুক্রবার গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০) ও মামুন মিয়াসহ (২০) আত্মিয় স্বজনরা পলি আক্তারের ঘরে ঢুকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। ওসি জানান, মরদেহ চুনারুঘাট থানায় রয়েছে। সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/ইআ-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.