চীনের হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ৪২তলা ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এদিন চাংশা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাষ্ট্রীয় কোম্পানি চায়না টেলিকমের একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে গাঢ় কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি তলা পুরোপুরি পুড়ে গেছে।
প্রাদেশিক দমকল বিভাগ পরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা খুঁজে পাওয়া যায়নি।
চায়না টেলিকম এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে চাংশায় আমাদের দুই নাম্বার কমিউনিকেশন টাওয়ারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি এবং যোগাযোগও বিচ্ছিন্ন হয়নি।
এর আগে, গত বছরের জুলাই মাসে জিলিন প্রদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জন নিহত ও ২৫ জন আহত হন।
তার এক মাস আগে হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল শিশু। স্কুলটিতে অগ্নি নিরাপত্তার মান নিয়ে সেসময় বেশ বিতর্ক সৃষ্টি হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৭
আইটি ল্যাব সলিউশন্স লি.