প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৮:১৪ (বৃহস্পতিবার)
চলে গেলেন দোয়ারাবাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় টেংরাটিলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বীরপ্রতীক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও বার্ধক্যজনিত সমস্যায় ভূগছিলেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় স্থানীয় টেংরা হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

এদিকে আব্দুল হালিম বীরপ্রতীকের আকস্মিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা জজকোর্টের পিপি ও জেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল কবির রুমেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হালিম ১৯৭১ সালে ছাত্রজীবনে মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য তিনি বীরপ্রতীক খেতাব প্রাপ্ত হন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৮