প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৩২ (শনিবার)
কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন প্রবাসীদের সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ দুস্থ পরিবারকে প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কার্ডিফ, ইউকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছে।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, সংগঠনের সিনিয়র সহসভাপতি আলী আহমেদ, আনা মিয়া, সহসাধারণ সম্পাদক সালেহ আহমদ, রফিকুল ইসলাম, প্রফেসর এম এ আজিজ, যুক্তরাজ্য প্রবাসী ইমরান শাফি রুমেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

বক্তব্যকালে সফি আহমদ সলমান বলেন, দেশে নানা দুর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন। সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসীদের কাছে আহবান জানান। 

 

পরে অতিথিরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা বিতরণ করেন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / অনি/ নাজাত-০৬