ছবি- আহমেদ শাহীন
সিলেটে মহানগরীতে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও সংরক্ষণ করার দায়ে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকায় এ অভিযান চালায় সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এতে নেতৃত্ব দেন- অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি সিলেটভিউ-কে বলেন-‘আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবসময় কাজ করছি। পূর্বের মতো আজও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা ৫ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছি। সেই সাথে প্রায় ২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি। যা ধ্বংস করা হবে।’
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকার রাজ্জাক মার্কেটের মেসার্স ভাই ভাই স্টোর, আব্দুর রউফ এন্ড সন্স, তাওয়াক্কুলিয়া স্টোর, নিউ মার্কেট ২ নং গলির মেসার্স নাজিম স্টোর, মহাজনপট্টির লাভলী এন্ড তামিন স্টোর। যথাক্রমে তাদের ৫০ হাজার, ৮০ হাজার, ২০ হাজার, ৮০ হাজার ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/শাহীন/মুন্না
আইটি ল্যাব সলিউশন্স লি.