মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ইয়াছিন আলী নামে এক আসামির। সেই সঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩ অক্টোবর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষনা করেন। অত্র আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত ইয়াছিন আলী (৪৩) সিলেটের জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত এখলাজ আলীর ছেলে। রায় ঘোষনাকালে আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ আগষ্ট ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইয়াছিন আলীকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এসআই মো. মোক্তার আলী বাদি হয়ে ইয়াছিন ও তার সহযোগী সুনামগঞ্জের ছাতক উপজেলার বসন্তপুর গ্রামের রইছ আলীর ছেলে মতছির আলীকে (৩২) অভিযুক্ত করে সিলেটের গোলাপগঞ্জ থানায় মাদক আইনে মামলা (নং-১৪(৮)১৭) দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছরের ২ অক্টোবর জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) জবা রাণী দেব একমাত্র ইয়াছিন আলীকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র (চার্জশিট-নং-১৩৮) দাখিল করেন। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর থেকে আদালতে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানীকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট এসএম পারভীন ও আসামীপক্ষে অ্যাডভোকেট মো. শামসুল হক।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.