সুনামগঞ্জের সীমান্তে হাওরের মিঠাপানির সুস্বাদু দেশি মাছ ভারতে পাচারের সময় একটি চালান জব্দ করেছে ২৮ বিজিবি। এ ছাড়াও বিজিবির টহল দল বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় কয়লা, মদসহ নানা ধরণের পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্য মাদকদ্রব্য কার্যালয় এবং কয়লা ও বাংলাদেশি মাছ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার নামক স্থান থেকে হাওরের ৮০ কেজি বিভিন্ন প্রজাতির দেশি মাছ জব্দ করা হয়েছে।
এই মাছের চালান ভারতে পাচারের চেষ্টা করেছিল চোরা কারবারিরা। খবর পেয়ে টহল দল হানা দিলে মাছ রেখে পালিয়ে যায় চক্রটি। ফেলে যাওয়া দেশি মাছের এই চালান শুল্ক দপ্তরে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ছাড়াও তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী থেকে এক হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। লাউড়েরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। টেকেরঘাট বিওপির টহল দল রজনীলাইন থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট দপ্তরে জমাদানের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে অপরাধপ্রবণতা কমাতে বিজিবি কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.