প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২ ১০:৫০ (শনিবার)
কোনোরকমে দেড়শ করলো বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে আজ রোববার ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে টিকে থাকবে বাংলাদেশের শেষ চারের আশা।

এমন ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে ব্যাটিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। টেনেটুনে ৭ উইকেটে ১৫০ রান করেছে বাংলাদেশ।

আজকের এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসে। মেহেদী মিরাজের পরিবতর্তে দলে স্থান পেয়েছেন ইয়াসির রাব্বি।

ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই ফিরে যান সৌম্য সরকার। লিটন দাসও (১৪ রান) টিকতে পারেননি বেশিক্ষণ। ভালো কিছুর আশা দেখিয়ে ২০ বলে ২৩ রান করে ফিরে যান সাকিব।

দলের যখন রান প্রয়োজন, তখন ১০ বল খেলে মাত্র ৭ রান করে সাজঘরের পথে পা বাড়ান মোসাদ্দেক হোসেন। টানা ব্যর্থতার মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহানও।

এ ম্যাচে ফিফটি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫৫ বল খেলে ৭টি চার ও ১টি ছয়ে ৭১ রান করেছেন এই ওপেনার। খানিকটা সপ্রতিভ ছিলেন আফিফ হোসেনও। ১৯ বলে করেছেন ২৯ রান।

জিম্বাবুয়ের রিচার্ড নাগারাভা ২৪ রানে ২টি, ব্লেসিং মুজারাবানি ১৩ রানে ২টি, সিকান্দার রাজা ৩৫ রানে ১টি ও শেন উইলিয়ামস ১০ রানে ১টি উইকেট পেয়েছেন।

এবারের আসরে দুই দলের এটি তৃতীয় ম্যাচ। বাংলাদেশ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হার মেনেছিল। অপরদিকে জিম্বাবুয়ে আছে সেমিতে যাওয়ার লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণ ১ পয়েন্ট পেয়েছে। পরের ম্যাচে তারা পাকিস্তানকে টানটান উত্তেজনার পর মাত্র ১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট দুই ম্যাচে ৩।

ব্রিসবেনে আজকের ম্যাচের আগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে দুই দলের রানই এখন পর্যন্ত সর্বোচ্চ ও আর সর্বনিম্ন হয়ে আছে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৩ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল মাত্র ১১৪ রানে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে