ছবি : মো. মোজাম্মেল হক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অতন্ত্র প্রহরী হয়ে র্যাব অবিরাম কাজ করে যাচ্ছে।
র্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় র্যাব-৯ এর সদর দপ্তরে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিবন্ধিত নিউজ পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব ডিজি এ কথা বলেন।
তিনি আরও বলেন- সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন ও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে র্যাব-৯। ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠার পর থেকে র্যাব-৯ এর যেসকল সদস্য দেশের তরে কাজ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কমনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
এম খুরশীদ হোসেন বলেন* আইনশৃঙ্খলার রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র্যাব-৯ সকল দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা প্রদান করেছে র্যাব-৯। এছাড়াও বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্প গঠন করে স্বাস্থ্যসেবা প্রদান, এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফুটানোসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড র্যাব-৯ পরিচালনা করছে। আগামীতেও এসকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে র্যাব-৯।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন- র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ করেছে, সেসব অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়। যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো অভ্যন্তরীণ তদন্ত করে প্রতিটি অভিযোগের লিখিত জবাব দিয়েছে র্যাব। এ ছাড়া অভিযোগের বিষয়ে র্যাব আইনি কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে র্যাবের যা যা করার ছিল, তার সব করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কাজ করা র্যাবের দায়িত্বের মধ্যে পড়ে না। এটা সরকারের দায়িত্ব। সরকার বিষয়টি নিয়ে কাজ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক আরও বলেন, বাহিনী হিসেবে র্যাব একটি আইনের অধীনে কাজ করে। র্যাবের কোনো সদস্য আইন লঙ্ঘন করলে বিভাগীয় পর্যায়ে সেই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি মামলাও করা হয়। যদি কোনো র্যাব সদস্য অপরাধ করে থাকেন, দেখতে হবে তিনি সেটা দায়িত্ব পালনের স্বার্থে করেছেন না ইচ্ছাকৃতভাবে করেছেন।
সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে র্যাবের পদক্ষেপ বিষয়ে খুরশীদ হোসেন বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় র্যাব সব সময় প্রস্তুত রয়েছে। সেটা নির্বাচনকালীন অস্থিরতা হোক অথবা নির্বাচন ছাড়াই হোক। সরকারের কর্মচারী হিসেবে এ বাহিনী দেশ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সব সময় কাজ করবে।
অপর এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন- বান্দরবনের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান রয়েছে। গহীন অরণ্যে শুধু নয়- জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র্যাব হবে আতঙ্কের নাম।’
সিলেটভিউ২৪ডটকম / ডালিম-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.