প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২২ ১১:৫৭ (বুধবার)
ভোটে ‘সমস্যা’ চিহ্নিত করলেন নুনু

ছবি: শাহীন আহমদ।

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ‘সমস্যা’ চিহ্নিত করেছেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। তিনি ইভিএম নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

আজ বুধবার সকালে বিশ্বনাথের হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সাথে কথা বলেন নুনু মিয়া।

তিনি বলেন, ‘যেভাবে আমরা আশা করেছিলাম, তারচেয়েও ভালো একটি পৌর নির্বাচন হচ্ছে। কারণ, মানুষ স্বতস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। এখানে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছে।’

নুনু বলেন, ‘শুধু ছোট্ট একটি সমস্যা আমার কাছে ধরা পড়েছে। যেটা হচ্ছে, আমাদের এখানে প্রথম ইভিএম (প্রথমবার ইভিএমে ভোট হচ্ছে)। অনেক বয়স্ক মানুষ কিভাবে ভোট দিতে হয়, সেটা জানে না। আমি ইতিমধ্যে নির্বাচন কমিশন ও প্রিজাইডিং অফিসারদের সবাইকে সবখানে বলে আসছি, যাতে বয়স্ক লোকদের ভোট যেন কনফার্ম করা হয়। কারণ, অনেকে দেখা যায় ভোট দিয়ে গ্রিন বাটনে চাপ না দিয়ে চলে আসে। সেটা একটু সমস্যা। আশা করি সব সেন্টারে ম্যাসেজ পেয়ে গেছে। আশা করি সেটাও সম্পন্ন হবে।’

বিশ্বনাথে ‘নিরপেক্ষ’ ভোট হচ্ছে বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।

প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার প্রথম ভোট হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে