সিলেট বিভাগের দুটি উপজেলা, একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুধু বিশ্বনাথে বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া এসব এলাকায় সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট হওয়া এলাকাগুলো হচ্ছে- ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ পৌরসভা, জগন্নাথপুর উপজেলা ও গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, নবগঠিত ১১নং মধ্য জাফলং ও ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন।
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ পৌরসভায় মেয়র পদে ৭ প্রার্থী, কাউন্সিলর পদে ৬০ প্রার্থী এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন।
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণও হয়েছে আজ। এ উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ৪৩৩টি ভোট কক্ষে ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিলেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং ও নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে হয়েছে আজ ভোটের লড়াই। এখানে চেয়ারম্যান পদে লড়াইয়ে ছিলেন ৫ প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীসংখ্যা ছিলো ৩ জন।
জগন্নাথপুরে মোট ভোটকেন্দ্র ছিলো ৮৯টি এবং ভোটারসংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.