শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী এক হোটেল কর্মচারী কর্তৃক মারধরের শিকার হয়েছেন।
বুধবার (২ নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সবুজ বাংলা রেস্টুরেন্টে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী। এই ঘটনায় সবুজ বাংলা রেস্টুরেন্ট ঘেরাও করলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করেন পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সবুজ বাংলা রেস্টুরেন্টে শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।
মীমাংসা না হওয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালা বন্ধ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে হোটেল মালিক আবুল হোসেনকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুল হুদা খান সিলেটভিউ-কে বলেন, বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয় জন কর্মচারীকে থানায় নিয়ে গিয়েছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারো বিরুদ্ধে মামলা করা হয়নি৷ আমরা হোটেল সীলগালা করতে পারিনা। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।
এই রিপোর্ট লেখা (রাত সাড়ে ১০টা) পর্যন্ত বিষয়টি মীমাংসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হোটেল মালিকের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও মালিকপক্ষ আসেনি বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম / নোমান / ডি.আর-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.