প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২২ ১৬:০৭ (বুধবার)
পাকিস্তানের বিপক্ষে জয় চান শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আফসোসের ম্যাচ ভারতের বিপক্ষের ম্যাচটি। জয়ের এত কাছে গিয়েও শেষ পর্যন্ত হাতছাড়া। তবে এই পরাজয়ের শোক কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল  পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে টাইগারদের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম জুম মিটিংয়ে বলেছেন পাকিস্তানকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে।

 

সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা পাকিস্তানের বিপক্ষে জিততে পারব। যদিও সেমিফাইনালে যাওয়াটা আমাদের হাতে নেই, যেটা খুবই দুঃখজনক।’

 

বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ছিল বাংলাদেশ।এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচেও শেষ হাসি সাকিবদের। তবুও সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকটা পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে হেরে সেমির রাস্তা কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

 

শ্রীধরন বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে চাই না। এটি (ফেইক ফিল্ডিং) ঘটার পরপরই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে জানানো হলো যে এটা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। যাইহোক, আমরা কোনো অজুহাত দিচ্ছি না।’

 

আমি মনে করি পাকিস্তান খুবই ভালো একটি দল। আমরা নিউজিল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে খেলেছি। আমরা জানি তাদের শক্তির দিক কোনটি। তাই আমি মনে করি আজ আমাদের জয়ের ভালো সুযোগ আছে।’

 

কাল পাকিস্তানের বিপক্ষে ফলাফলটি যাই হোক না কেন বাংলাদেশের পারফরম্যান্সে খুশি শ্রীরাম। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা বিশ্বকাপ কাটছে এটিই। প্রথমবারের মতো সুপার টুয়েলভে জয়ও পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স। আমরা কখনো দুটি ম্যাচ জিতিনি সুপার টুয়েলভে। সেই ইতিহাস এবার বদলছে। আমরা সেটা করে দেখিয়েছি। আমি মনে করি ক্রিকেটাররা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।’

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে পুরো অন্য এক বাংলাদেশ। যে বাংলাদেশ এখনো স্বপ্ন দেখছে সেমিফাইনালে যাওয়ার।

ভারতকে হারানোর কাছাকাছি বাংলাদেশ দল চলে গিয়েছিল বলে তিনি জানান। শ্রীধরন বলেন, ‘আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম। এত কাছে আসায় ছেলেদের অনেক আত্মবিশ্বাস বেড়েছে।’

 

বৃষ্টি ,আম্পায়ার ও ভারত-এই তিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ৫ রানে হারের দলের সবাই হতাশ বলে জানান শ্রীধরন।

তিনি বলেন, ‘আমার মনে হয় শেষ  মাত্র ৫ রানে হারার পর, ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল। তারা বুঝতে পেরেছে কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা। দলকে এটা অনেক আত্মবিশ্বাস দেবে। ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানানো আর এত কাছে আসা বোঝায়, আমরা খুব বেশি দূরে নেই।’

শ্রীধরন বলেন, ‘আমরা ম্যাচ ভাই ম্যাচ  পরিকল্পনা করে এগোচ্ছি। পাকিস্তান কী রকম দল আমরা তা নিউজিল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে বুঝেছি। আমরা জানি তারা কী রকম চ্যালেঞ্জ জানাতে পারে আমাদের। পাকিস্তানকে হারাতে হলে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমরা শেষটা ভালোভাবে করতে চাই।’

 

বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে, তখন নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা অথবা জিম্বাবুয়ের কাছে ভারতকে হারতে হবে। ভারত হারলে বড় ব্যবধানে হারতে হবে অথবা বাংলাদেশকে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে।

 

আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এই চার ক্রিকেটার এসেছিলেন অনুশীলনে।

 

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে

 


সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-০১