প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২ ০০:৪৫ (শনিবার)
মানুষ প্রতিনিয়ত অনলাইন গণমাধ্যমের প্রতি নির্ভরশীল হচ্ছেন : ফারুক আহমেদ

জাতীয় গণমাধ্যম ইনিস্টিউটে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ‘কোভিড-১৯-এর প্রেক্ষাপটে শিশু অধিকার বিষয়ক ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তনের গুরুত্ব কমিউনিকেশন প্রোগ্রামিং’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ফারুক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনলাইন গণমাধ্যম মূলধারার গণমাধ্যম কিনা তা সময়ই বলে দিবে। কেননা ফলেই বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এটা বলতে পারি, মানুষ প্রতিনিয়তই অনলাইন গণমাধ্যমের প্রতি নির্ভরশীল হচ্ছেন।

সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে মো. ফারুক আহমেদ বলেন, আপনাদের তথ্যই সবার কাছে পৌঁছায়। তাই আপনারা নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণের বিশ্বাসের জায়গায় পৌঁছে যাবেন। এ সময় তিনি ৫-১১ বছর বয়সী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় করোনার টিকা দেওয়া প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক শাহিন ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীদের দেশ ও জাতির প্রতি অনেক দায় রয়েছে। তাই উপস্থিত অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে পাশে থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম, কর্মশালা পরিচালক মো. আবুজার গাফফারী ও কর্মশালা সমন্বয়ক মো. ফাইম সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিভুক্ত ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র ‘Training for Reporters of Etectronic Media on Child Rights lssues in the Context of COVID-I9 and Importance of Social and Behavior Changes Communication Programming’ শীর্ষক কর্মশালা গত মঙ্গলবার (২২ নভেম্বর) শুরু হয়। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় বৃহস্পতিবার (২৪ নভেম্বর)।  

এ কর্মশালায় ঢাকাসহ সারা দেশের ২০টি (সরকারি নিবন্ধিত) পাঠকপ্রিয় ও মানসম্পন্ন নিউজ পোর্টালকে মনোনীত করে ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’। এর মধ্যে সিলেট থেকে এককভাবে মনোনীত করা হয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ পাঠকপ্রিয়, পেশাদার সাংবাদিক কর্তৃক সম্পাদিত একমাত্র নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’-কে। ‘সিলেটভিউ’র পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ঢাকা অফিস ইনচার্জ খলিলুর রহমান স্টালিন। 


সিলেটভিউ২৪ডটকম / কেআরএস / ডালিম