প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৯ (শনিবার)
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস পল্টন থানার মামলায় গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদের জন্য আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে ডিবি কার্যলয়ে আনা হয়েছে। তারা দুজনেই আমাদের হেফাজতে আছেন। দুজনকেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে পারব।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় একজনের প্রাণহানিসহ শতাধিক আহত হন। এদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন কয়েকডজন। এ ঘটনায় পল্টন থানায় মামলায় দায়ের করে পুলিশ। যেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১০