প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২২ ২১:০০ (শনিবার)
সিলেটে পথচারীদের দাঁড় করায় পথের পিঠা

ছবি : সিলেটভিউ২৪

শীতের মৌসুম মানেই নিত্যনতুন বাড়তি খাওয়া-দাওয়া। আর তা বাড়িতে হোক বা বাইরে, যেখানেই হোক না কেনো, শীতের খাদ্য তালিকায় সিলেটের মানুষের পাতে পিঠা থাকবেই।

শীত পড়তেই অনেকের বাড়িতে নানান স্বাদের পিঠা তৈরি হয়ে থাকে। তবে অনেকে আবার সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারেন না। তাদের জন্য রয়েছে পথের অর্থাৎ- কেনা পিঠা। তাই শীত আসলেই সিলেট মহানগরের ফুটপাতে বা রাস্তার ধারে পড়ে পিঠা কেনা-বেচার দুম।  

শীত পড়তেই সিলেটে দেখা মেলে নানান ধাঁচের, নানান স্বাদের পিঠা। আর শীতের মৌসুম শুরু হতেই সিলেট মহানগরের বিভিন্ন সড়কের পাশে শুরু হয় ভাপা পিঠার বেচাকেনা। পিঠাপ্রেমীরা এই পিঠার স্বাদ নিতে বিকেল থেকেই এসব ভ্রাম্যমাণ দোকানে ভিড় জমান ক্রেতারা। ভাপা পিঠার টানে অনেকে আসেন শহরতলি থেকেও। 

মহানগরের জিন্দাবাজার এলাকার কয়েকজন ভাপা পিঠা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা মূলতঃ বছরের অন্যান্য সময়ে কেউ আখের রস, কেউ ফুচকা বা কেউ আবার আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় বিক্রি করেন। কিন্তু শীত পড়তেই শুরু করেন ভাপা পিঠা বিক্রি। বড় কোনো দোকান নয়, মহানগরের বিভিন্ন রাস্তার ধারে বা ফুটপাতে ঠেলাগাড়িতে ভ্রাম্যমাণ দোকানে পাওয়া যায় ধোঁয়া ওঠা ভাপা পিঠা।

আগে দাম ছিলো ৫টাকা। তবে গত দু-তিন বছর ধরে ১০ টাকায় প্রতিটি ভাপা পিঠা বিক্রি হয়। বিক্রেতারা পিঠাতে চালের গুড়োর সঙ্গে নারিকেল এবং গুড় দিয়ে থাকেন। বর্তমানে সিলেটে এই পিঠার ব্যাপক বিক্রি। বিকেল গড়াতেই শুরু হয় বিক্রি, চলে মধ্যরাত পর্যন্ত। 

শীত যত বাড়বে, এই পিঠার চাহিদাও ততই বাড়বে বলে বক্তব্য বিক্রেতাদের। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম