প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২ ১৫:০৪ (শনিবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার দিবসটি উপলক্ষে বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য ও উপ-উপাচার্য। সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘আমাদের স্বাধীনতা বিশ্বের বুকে এক বিস্ময়। জাতি, ধর্ম, বর্ণ, পেশা, সামাজিক অবস্থান নির্বিশেষে দেশের সব মানুষ সর্বাত্মকভাবে যুদ্ধে অংশ নিয়েছিল। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠেনি। মূলত রাষ্ট্র গড়ে ওঠবে সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে।’ তিনি বলেন, ‘শেষপর্যন্ত আমাদেরকে কাক্সিক্ষত রাষ্ট্র উপহার দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা হিসেবে মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে বঙ্গবন্ধু সারাদেশকে জাগিয়েছিলেন, মুক্তিকামী বিশ্বকে করেছিলেন অনুপ্রাণিত।’ উপাচার্য আরও বলেন, ‘বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তা শুধু বাংলাদেশের ন, গোটা বিশ্বের। সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিজয়ের চেতনা নিয়ে শিক্ষাব্যবস্থাসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণে কাজ করে সেগুলোর মোকাবেলা করতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস ও ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী প্রমুখ।

সভায় অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক বলেন, ‘বিজয়ের রাস্তা কখনো মসৃণ ছিল না। ব্রিটিশ, পাকিস্তান ঔপনিবেশিক শক্তি সমসময়ই আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। জাতির জনকের গড়া বাংলাদেশ এবং তার রক্তক্ষয়ী ও ত্যাগের ইতিহাস মহানায়কের প্রস্থানের সাথে সাথে বিকৃত হতে শুরু করে। বঙ্গবন্ধু হত্যা করে বিরুদ্ধবাদীরা প্রতিশোধ নিয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, পরিচালক (অর্থ) ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরুফ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বিজয়ের পরিবেশনা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে