আধুনিক নগরজীবনে যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী। এমনও সময় আছে একটি দিনের কয়েক ঘণ্টাই মানুষকে কাটিয়ে দিতে হয় জ্যামে বসে। এর থেকে মুক্তির উপায় নিয়েও ভাবছেন অনেকে। ইলন মাস্ক যেমন মাটির নিচ দিয়ে টানেল নির্মাণ করছেন জ্যাম থেকে বাঁচতে, তেমনি ইসরায়েলের এক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা (ইভি) কোম্পানিও তাদের মতো করে জ্যামের সমাধান নিয়ে এসেছে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানি এআইআর এমন এক গাড়ির ডিজাইন নিয়ে এসেছে যা স্বল্পদূরত্বে জ্যাম থেকে বাঁচতে যাত্রীকে উড়িয়ে নিয়ে যাবে। এরই মধ্যে গাড়িটি পরীক্ষামূলক মানবহীন উড্ডয়ন সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী দুই বছরের মধ্যে তারা এটি বাজারজাত করতে পারবে।
এআইআর জানিয়েছে, এই গাড়ির মধ্যে দুজন আরোহণ করতে পারবেন। একজন হবেন যাত্রী, আরেকজন চালক। একবার চার্জে এটি ১০০ মাইল উড়তে পারবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী র্যানি প্লাউট পরীক্ষামূলক ফ্লাইট সফল হওয়ায় বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটি একটি বড় মাইলফলক। আমরা এয়ার ওয়ানের (উড়ন্ত গাড়ির নাম) ব্যাপক উৎপাদনের স্বপ্নকে কাছে নিয়ে এসেছি।’
তিনি জানিয়েছেন, পরবর্তী টেস্ট ফ্লাইটে এয়ার ওয়ানে যাত্রী হিসেবে কেউ থাকবেন।
প্রতিষ্ঠানটি বলছে, তারা আশাবাদী তাদের বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। গাড়িটি সর্বোচ্চ ১ হাজার ২০০ ফুট (৩৬৬ মিটার) ওপরে উঠতে পারবে এবং এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার)। ২০২৪ সালের শেষ দিকে ১ লাখ ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে এটি বাজারে আসবে।
সিলেটভিউ২৪ডটকম /নাজাত-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.