ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত। স্বাগতিকদের ২২৭ রানে অলআউট করে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। বাংলাদেশের চেয়ে এখনও ২০৮ রানে পিছিয়ে রয়েছে ভারত।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে শুরুটা ভালো করলেও ১৪তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৩৯ রানে। জয়দেব উনাদকাটের বলে ১৫ রানে আউট হন জাকির।
ভারতের হয়ে উনাদকাট আন্তর্জাতিক টেস্টে ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট শিকার করেন। এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট।
এরপর বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার শান্ত। রভিচন্দ্রন আশউইনের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। শান্তর ব্যাট থেকে আসে ৫৭ বলে ২৪ রান।
চাপ সামাল দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন মুমিনুল ও সাকিব। ২ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮২ রান তোলে লাঞ্চ বিরতিতে যান এ দুই ব্যাটার। বিরতি থেকে ফিরেই ক্যাচ আউট হন অলরাউন্ডার সাকিব। উমেশ ইয়াদভের বলে ৩৯ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
কামব্যাক টেস্টে শুরু থেকে সাবলীল ছিলেন অভিজ্ঞ মুমিনুল। এক প্রান্ত থেকে উইকেট ধরে খেলতে থাকেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ১৬তম টেস্ট অর্ধশতক। তবে মুমিনুলের সঙ্গে ক্রিজে টিকে থাকতে পারেননি বাকিদের কেউই।
সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫ ও মিরাজ ১৫ রান করে আউট হলে শেষ পর্যন্ত আশউইনের বলে আউট হন মুমিনুল। ১৫৭ বল খেলে ৮৪* রান করেন তিনি। এ যাত্রায় তিনি ১২টি চার ১টি ছয়ের মার মারেন। এ ছাড়া বাকিদের কেউই ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি।
ভারতের হয়ে রভিচন্দ্রন আশউইন ও উমেশ ইয়াদভ ৪টি করে উইকেট নেন।
দিনের শেষ সেশনে ভারত ৮ ওভার বল করার সুযোগ পায়। কোনো উইকেট হারায়নি তারা। শুভমান গিল ১৪ ও লোকেশ রাহুল ৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম /নাজাত-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.