মহান বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি ক্রীড়াবিদ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের হলরুমে বিএসপিএ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন পতাকা। তাই তাদেরকে সম্মান জানানোর অর্থ নিজেদেরকেই সম্মানীত করা। তিনি বলেন, বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে বিএসপিএ সিলেট নি:সন্দেহে প্রশংসনীয় কাজ করেছে।
বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বিএসপিএ সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ভবতোষ রায় বর্মণ বলেন, বিজয়ের ৫২ বছর পরে এসে আমাকে বিএসপিএ সিলেট শাখা সম্মাননা দিচ্ছে-এটা খুবই আনন্দের, তৃপ্তির। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সস্মান জানালে প্রকৃতপক্ষে সকল মুক্তিযোদ্ধাকেই সম্মান জানানো হয়। আর এ কাজটি করে বিএসপিএ সিলেট সত্যিই আমার হৃদয় ছুঁয়েছে। ভবতোষ রায় বর্মণ তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও ষাটের দশকে ফুটবল মাঠে নিজের খেলার সময়ের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএসপিএ সিলেটের সাবেক কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ শামীম, সদস্য মাসুম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন, ক্রিকেট স্কোরার তানজিল শাহরিয়ার, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, বিএসপিএ সিলেটের সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ আফজাল, বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সুজন, সৈয়দ আজহার প্রমুখ।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ষাটের দশকে সিলেটের সাড়া জাগানো ক্লাব ইসমাঈল স্পোর্টিংয়ের হয়ে ফুটবলের মাঠ মাতান। একাত্তরে যুদ্ধ শুরু হলে তিনি দেশমাতৃকার টানে যুদ্ধে জড়িয়ে পড়েন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.