জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বিশাল শোডাউন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। রবিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ (বালুরমাঠ) থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের হয় তার নেতৃত্বে।
এর আগে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মিছিল নিয়ে বালুরমাঠে জড়ো হন নেতাকর্মীরা। সুনামগঞ্জ-৪ আসনের দুইবারের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহকে আগামী সংসদ নির্বাচনেও হিসেবে বিজয়ী হিসেবে দেখতে চান তারা।
শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কয়েক কিলোমিটার সড়কজুড়ে ছড়িয়ে পড়ে শোভাযাত্রার ব্যাপ্তি। পরে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীর ফজলুর রহমান মিসাবহ।
এ সময় তিনি বলেন, সুনামগঞ্জ সদর আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর অনেকগুলো জনগুরুত্বপূর্ণ সেতু, রাস্তাঘাট, অবকাটামোগত ব্যাপক উন্নয়ন করে মানুষের দুর্দশা লাঘব করেছি। আমি জাতীয় সংসদে বার বার এই এলাকার উন্নয়নের দাবি জানিয়ে বক্তৃতা করেছি। শিক্ষার উন্নয়নে কাজ করেছি। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন উপহার দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি মেডিকেল কলেজ উপহার দিয়েছেন। জেলা সদর হাসপাতালে ডাক্তার নার্স এনেছি। গরীব মানুষেরা এখন সেখানে চিকিৎসাসেবা পাচ্ছে। সদরে বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য আন্দোলন করেছিলাম, সেই যৌক্তিক দাবির সাথে প্রধানমন্ত্রী একমত হয়ে সদরে বিশ^বিদ্যালয় স্থাপন করতে বলেছেন।
তিনি আরো বলেন, আমি এই এলাকায় আগন্তুক নই। এখানে আমার পূর্বপুরুষেরা শুয়ে আছেন, আমারও কবর এখানে হবে। তাই এই অঞ্চলের মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করিনি, আগামীতেও করব না।
তিনি বলেন, বতর্মানে বোরো ফসল রক্ষার জন্য যে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে, সেটা নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া হবে না। কৃষকের বছরের একটিমাত্র ফসলের সুরক্ষার জন্য বাঁধের বরাদ্দের টাকা দিয়ে কারো পকেট ভারি করার সুযোগ দেওয়া হবে না। এখানে কোনও অনিয়ম সহ্য করা হবে না। শতভাগ কাজ আদায় করা হবে।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির উদ্দিন মনিরের সঞ্চালনায় জনসভায় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তৃতা করেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.