প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৩ ২১:১১ (বুধবার)
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তমনের মানুষ হও: ডা. দুলাল

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, এবারের এস.এস.সি পরীক্ষায় যারা পাশ করেছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি বেশ আনন্দিত হয়েছি।

 

আমাদের আগামী দিনের আলোকিত মানুষ যারা, তাদের সান্নিধ্যে এসে আমি আবারও নতুন করে আলোকিত হলাম। যারা আমাদের সংবর্ধনা নিতে এসেছে, তাদের প্রতি অভিনন্দন।

 

সোমবার (২ জানুয়ারী) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে স্বর্ণালী-১৮ ব্যাচ এর উদ্যোগে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় গুলো থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ডা. দুলাল আগত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, এস.এস.সি'তে পাশ করেছো। মাত্র শুরু, লং ওয়ে টু গো। আজকে যে মেয়েরা পড়লেখা করে সমৃদ্ধ হচ্ছে তার সমুদয় কৃতিত্ব আমাদের নেত্রী শেখ হাসিনার। একজন শেখ হাসিনা আছেন বলেই মেয়েরা নিরাপদ পরিবেশে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তমনের মানুষ হও।

 

ডা. দুলাল আরো বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানের সীমানাও যদি তোমরা অতিক্রম করো তবুও বাবা-মা ও শিক্ষকদের কখনো ডিঙিয়ে যেতে পারবে না। তোমরা তোমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছ, আমাদের দোয়া রইলো।

 

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল স্থানীয় মুরুব্বীদের উদ্দ্যেশ্যে বলেন, আমি আপনাদের লোক। এই এলাকায় আমি বারবার এসেছি, আবার আসবো। আমরা শীতবস্ত্র বিতরণ করেছি, বস্ত্র বিতরণ করেছি, বিগত বন্যায় নিয়মিত খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা প্রদান করেছি। এসব কোনো কারণে নয়, আমি আমার দায়বদ্ধতা থেকেই এসব করেছি।

 

আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ নির্বাচনী এলাকায় অংশ নেয়ার জন্য আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। আমার নেত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি আপনাদের কাছে আসবো। মনোনয়ন না পেলেও আমি আমার দলের জন্য কাজ করে যাবো, আপনাদের জন্য কাজ করে যাবো।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণালী-১৮ ব্যাচের সভাপতি তারেক আহমদ।

সমাজকর্মী আবু সালেহ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী জুলহান, শিক্ষক মো. নাসির উদ্দিন।

 

প্রবাস থেকে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন বালাগঞ্জ প্রতিদিন সম্পাদক কবি মুহাম্মদ শরীফুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- সাংবাদিক শেখ আব্দুল মজিদ, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, স্থানীয় মুরুব্বী সফিকুল হক, ছালিক আহমদ, আব্দুল হান্নান, লিয়াকত আলী, রফিক আহমদ, আশরাফুল ইসলাম পারভেজ, মো. আব্দুল্লাহ, সালমান আহমদ, জাহিদুল ইসলাম, সানুর আহমদ, জুবেল আহমদ ইব্রাহীম, রুমান আহমদসহ সংবর্ধিত এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীগণ।

 

উল্লেখ্য, এবারের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা আগামী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হবে তাদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি বি.এম.এ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল কম্পিউটার উপহার প্রদানের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল মনে বাড়ি ফিরে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫