গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মামলার আবেদন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সাধারণ সম্পাদক ইমন আহমদ।
রাষ্ট্র ও ধর্মদ্রোহীতার অভিযোগে এ মামলা দায়ের করতে চাচ্ছেন তিনি। অভিযোগ দায়েরের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের।
রোববার বিকেলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর রাজনীতির নামে দল করে দেশের বাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সম্প্রতি তিনি আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্ট মেন্দি এন সাফদির সাথে বৈঠক করে বাংলাদেশের গণনির্বাচিত ও স্বাধীনতার স্বপক্ষের সরকার উৎখাতের গোপন আলোচনা ও পরামর্শ করেছেন। মেন্দি এন সাফদির সাথে নুরুল হক নুর’র ছবি ও স্বীকারোক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। নুর আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফের নাম করে দেশের বাইরে গিয়ে ইহুদি চক্রের সাথে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে রাষ্ট্র সরকার ও পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলস পরে মাথা নেড়িয়ে ও পাঞ্জাবি-টুপি পরে নুরুল হক নুর বাংলাদেশে ইহুদি চক্রান্ত বাস্তবায়নে মেতে উঠেছেন। গণঅধিকার পরিষদের নামে নেতাকর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্ধেষ-বিশৃংখলা সৃষ্টি করে নুরুল হক নুর দেশের বৈধ সরকার উৎখাতে লিপ্ত হয়ে রাষ্ট্রদ্রোহীতা মূলক অপরাধ সংঘটিত করেছেন।
এ বিষয়ে ইমন আহমদ রোববার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- দেশপ্রেম থেকে নুরের বিরুদ্ধে এই মামলা করা হচ্ছে। তিনি একজন রাষ্ট্রদ্রোহী। এ দেশের একজন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। আমার দৃঢ় বিশ্বাস- দেশের প্রতিজন সুনাগরিক আমার সঙ্গে একমত হবেন।
উল্লেখ্য, ইসরাইলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদস্য মেন্দি সাফাদির সঙ্গে সম্প্রতি বৈঠক করার অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে। সামাজিকমাধ্যম ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করা হয়েছে। এছাড়া দেশের বাইরে গিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় নুরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হচ্ছে। তবে এ সবই ‘প্রপাগান্ডা’ দাবি করে অভিযোগ অস্বীকার করেন নুর।
গত ২ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গত কিছুদিন যাবৎ নুরু কাতার ঘুরলো, এরপর দুবাই। হঠাৎ করেই কাতার বা দুবাই কেন? কারণ ফাঁস হয়েছে একটু আগে। এক ভাই ছবি পাঠিয়েছেন দুবাই থেকে, যা খুব সম্ভবত আজকে বা কালকে তোলা।’
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এই সমন্বয়ক বলেন, ‘বিএনপি নেতা আসলামের কথা মনে আছে, যে কি-না ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির সাথে ভারতে দেখা করেছিল এবং মোসাদ নাকি বিএনপিকে এদেশে ক্ষমতায় বসাবে!! তারপর অনেক ইতিহাস।’
তন্ময় লিখেছেন, ‘এখন আসি নুরু কেন খুব লাফাচ্ছে অনলাইনে লাইভে ও বক্তব্যে, কেনই-বা সে গণমিছিলের প্রোগ্রাম দিয়েও দেশে নাই? কারণ সিম্পল, ইসরাইলের মেন্দি এন সাফাদি তাকে ক্ষমতায় বসিয়ে দেবে। সামনে নেতানিয়াহুর সাথেও মিটিং ফিক্স হবে- এমনটাই বলেছে তার লোকজন।’
দেশে আলেম ওলামার জন্য কান্নাকাটি করে ক্ষমতায় আসতে ইসরাইলের শরণাপন্ন হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘‘সে কোন লেভেলের টাউট তা নিজেরাই বিচার করে নিন। চরম সাম্প্রদায়িক বক্তৃতা দেয়া নুর স্রেফ পাবলিসিটির জন্য ‘ইসলাম ইসলাম’ করে। আসল বাস্তবতা সে ক্ষমতাসীন হতে চায়।’’
এর আগে ডিসেম্বরের শেষভাগে কাতারে যান নুর। সেখান থেকে দুবাইয়ে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। সম্প্রতি তিনি দুবাই থেকে সৌদি আরবে যান।
অভিযোগের বিষয়ে নুর গণমাধ্যমকে বলেন, মেন্দি সাফাদির সঙ্গে তার যে ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে, সেটি ফটোশপে এডিট করা। ইসরাইলের ওই নাগরিকের সঙ্গে তিনি এমন কোনো বৈঠক করেননি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.