মহাজন ক্বারি আমিরুদ্দিন আহমেদ বাংলা গানের এক ঐতিহাসিক চরিত্র। গত ছয় দশক ধরে গানের মাধ্যমে তিনি সংগ্রাম করে যাচ্ছেন।ইসলামি দার্শনিক ক্বারি আমিরুদ্দিন তাঁর লেখায় ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ উদঘাটন করে তাদের চক্ষুশূল হয়েছিলেন। বাধ্য হয়েছিলেন নির্বাসনে যেতে।
তাঁর গানের ভান্ডারে জমা আছে প্রায় ছয় হাজারের মতো গান। ধর্ম, রাজনীতি, সমাজচিন্তা, প্রেম প্রভৃতি বিষয়বস্তু হিসেবে স্থান পেয়েছে তাঁর গানে। তবে প্রেমের গানে তিনি অনন্য। বলাবাহুল্য এ প্রেম স্বয়ং ইশ্বরে বিলীন হবার প্রেম। পরমের সঙ্গে আত্মার প্রেম। আপাতদৃষ্টিতে প্রেম পর্বের গানগুলোর বহিরাবরণ মানবীয় প্রেমের অনুরূপ হলেও এ প্রেম মূলত পরমেশ্বরে মিলিত হওয়ার প্রবল আকুতি।
ক্বারি আমিরুদ্দিন এর এমন একটি কালজয়ী প্রেমের গান- 'অভিমান করে তুমি চলে যেও না" গানটি গেয়েছেন শিল্পী তারেক আমিন। গানটিতে সঙ্গীতায়োজন করেছেন সজীব খান। সজীব খান, তারেক আমিনের এ যুগলবন্দী সঙ্গীত পিপাসুদের কাছে প্রশংসা পাচ্ছে। এতো পুরোনো একটি গানকে আজকের বাস্তবতায় যেভাবে সজীব খান উপস্থাপনা করেছেন তা সত্যি অনবদ্য।
গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও গানটিকে আরও অর্থবহ করে তুলেছে। গানচিত্রটি পরিচালনা করেছেন নাইম জামান ও ফাহাদ তানভীর।
গত ২২ ডিসেম্বর গানটির উদ্বোধনী প্রদর্শনী হয় রাজধানীর 'দ্য স্পেইস' গ্যালারি তে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ক্বারি আমিরুদ্দিন আহমেদের গানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। শিল্পী ও সঙ্গীত পরিচালকের কাছে ক্বারি আমিরুদ্দিন আহমেদ এর আরো আরো গান প্রত্যাশা করেন। 'অভিমান' শিরোনামের গানটি "কুহু সুর" ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ক্বারি আমিরউদ্দিন আহমেদকে উৎসর্গ করা তারেক আমিনের এই গানচিত্রের মধ্যদিয়ে "কুহু সুর" ইউটিউব চ্যানেল তাদের যাত্রা শুরু করলো।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.