প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৩ ১৬:০৭ (শনিবার)
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচন-২০২৩ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আওয়ামী পন্থীদের দুটি ও বিএনপি-জামায়াতের দুটি করে মোট চারটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। 

 

সার্বিক বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার সিলেটভিউ’কে বলেন, গত ৪ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আজ ১০ জানুয়ারি বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। এদিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে ১২ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান তিনি। নির্বাচনের ভোটার তালিকা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৫৬০ জন ভোটার (শিক্ষক) রয়েছেন। এর মধ্যে ৪২৪ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, বাকি ১৩৬ শিক্ষক ছুটিতে গেছেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতিতে প্রতিবছর তিনটি গ্রুপ সক্রিয় থাকে।  তবে গত বছর বিএনপি জামায়াতপন্থী প্যানেলে বিভক্তি দেখা দেওয়ায় এই প্যানেল থেকে সরে দাঁড়ানো শিক্ষকদের নিয়ে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ নামে নতুন একটি গ্রুপ গঠিত হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামীপন্থীদের দুটি প্যানেল ও বিএনপি জামায়ত পন্থীদের দুটি করে মোট চারটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার করার সম্ভাবনা রয়েছে। বিগত বছর গুলোতে দেখা গেছে, আওয়ামীপন্থী শিক্ষকরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলে, আওয়ামী-বামপন্থী শিক্ষকরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার করে আসছে।  তবে গত বছর বিএনপি জামায়াতপন্থী প্যানেল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল।

 


সিলেটভিউ২৪ডটকম /নোমান/ নাজাত-০৬