পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব বাঁধা পেরিয়ে আমরা বাইশ শতকের উপযোগী একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই; যেখানে ছেলেমেয়েরা জ্ঞান-বিজ্ঞানের স্বাদ আস্বাদন করতে পারবে। এটা শুধু স্বাদ আস্বাদনের জন্য নয়, জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমাদের চরম দারিদ্রতা ও চরম পশ্চাৎপদতা দূর করাও সম্ভব।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের আয়োজনে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ক ওই সম্মেলনের দ্বিতীয় দিনের প্লানারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গবেষণা বাজেট প্রতিনিয়ত বাড়ছে। এ ক্ষেত্রে সরকার প্রতিবছর বেশি বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছে। সরকার উচ্চশিক্ষার প্রতি মনোযোগ দিয়ে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেন, শিক্ষামন্ত্রীও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেন।’’
.jpg)
এতে আমন্ত্রিত অতিথিরা ‘শিল্প-একাডেমিয়া সম্পর্ক: বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা করেন।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শান্তা সাহা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সিয়ামুল বাশারের সঞ্চালনায় প্যানেল এক্সপার্ট (শিল্প) হিসেবে আমেরিকার শেভরন বাংলাদেশের অপারেশন্স পরিচালক প্রকৌশলী রায়ান অট এবং প্যানেল এক্সপার্ট (একাডেমিক) হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
এছাড়া রিসোর্স পার্সন ছিলেন শাবিপ্রবির অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।
সম্মেলনের আয়োজকরা জানান, নতুন শতাব্দীতে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চ্যালেঞ্জগুলো মোকাবিলা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথমদিন ১৬ টি প্যারালাল টেকনিক্যাল সেশনে ৮৫টি নিবন্ধ গবেষকরা উপস্থাপন করা হয়েছে। ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে জ্ঞানের প্রসার ঘটাতে বিশ্বের ১৪টি দেশের গবেষকদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.