প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩ ১৭:৫৪ (মঙ্গলবার)
‘জরুরি সতর্কতা’ জারির পর নিরাপদে বিমান অবতরণ

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে কোয়ান্তাস এয়ারলাইন্সের একটি বিমান জরুরি সতর্কতা জারির পর নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় সিডনি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানে থাকা ১৪৫ যাত্রীর সবাই নিরাপদে আছেন। খবর সিএনএনের।


কোয়ান্তাস এয়ারলাইন্স জানায়, কিউএফ১৪৪ বিমানটি আজ বিকেলে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পর তাসমান সাগরের উপরে বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দ্রুত জরুরি সতর্কতা জারি করে সাহায্যের জন্য আবেদন করেন। তবে বিমানবন্দরে অবতরণের আগে জরুরি সতর্কতাকে ‘সম্ভাব্য সহায়তার প্রয়োজন’ সতর্কতায় নামিয়ে নেওয়া হয়।

বিমানবন্দরের একজন প্রতিনিধি জানান, সতর্কতা হিসেবে সিডনি বিমানবন্দরে দ্রুত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ পরিষেবার ব্যবস্থা করা হয়।

কোয়ান্তাস এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট পরিচালনার সময় ইঞ্জিন বন্ধ হওয়া বিরল ঘটনা, স্বাভাবিকভাবেই এটি যাত্রীদের জন্য উদ্বেগজনক। আমাদের পাইলটরা নিরাপদে বিমান চালানোর জন্য প্রশিক্ষিত।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রী বলেন, মাঝ আকাশে আমি একটি বিস্ফোরণের শব্দ শুনি, এরপরই বিমানটি কাঁপতে থাকে। তবে আমাদের পাইলট পেশাদারিত্বের সঙ্গে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন। এ সময় তিনি খুব শান্ত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬