প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩ ২২:৫৭ (বৃহস্পতিবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফেস রিকগনিশন সিস্টেম চালু

সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফেস রিকগনিশন সিস্টেম চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে এই পদ্ধতির উদ্বোধন করা হয়।

শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহারে অগ্রসর হতে হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশের সহযাত্রী হয়ে পথ চলবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার তারেক ইসলাম, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, ডেপুটি রেজিস্ট্রার এডভোকেট লোকমান আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের বিশেষ সহকারী এডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের জন্য আগে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহার করা হতো। এখন থেকে ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্টরা ফেস রিকগনিশন মেশিনের সামনে চেহারা দেখালেই স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি নিশ্চিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে