(প্রতীকী ছবি)
সিলেটের বিশ্বনাথে নাজমুল ইসলাম নামে এক শিক্ষকের বাসায় ডাকাতরা হানা দিয়েছিলো। তবে তারা শেষ পর্যন্ত পারেনি ডাকাতি করতে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোররাতে পৌরশহরের নতুন বাজারের পশ্চিম জানাইয়া রহমান ভিলায় এ ঘটনা ঘটে।
নাজমুল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, ভোররাতে লাল মুখোশ পরা ৭-৮ জনের ডাকাত দল বাসার প্রধান ও কলাপসিবল গেটের পৃথক দুটি বড় বড় তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে। তিনজন বাসার ভেতরে এবং চার-পাঁচজন বাইরে অবস্থান নেয়। তালা ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং জানালা দিয়ে দেখতে পান, ডাকাত দল বাসার বারান্দায় প্রবেশ করে দরজা ভাঙার চেষ্টা করছে। তখনই তারা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে থানার ওসিসহ এক দল পুলিশ সাইরেন বাজিয়ে বাসায় পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখোশ ও সিগারেটের প্যাকেট উদ্ধার করেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বলেন, এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.