দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ। কয়েক মাসের রাজনৈতিক কৌশল ও আইনি লড়াইয়ের পর তিনি মেয়র নির্বাচিত হলেন। খবর আলজাজিরার।
গত সপ্তাহে থাপেলো আমাদ এর পূর্বসূরি এমফো ফালাতসে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হন। তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)-এর সদস্য। এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে তৃতীয়বারের মতো অনাস্থা ভোটের সম্মুখীন হয়েছেন তিনি।
জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ‘গর্বিত’ ও ‘অভিভূত’ আমাদ। নির্বাচিত হওয়ার পর কাউন্সিলে তিনি বলেন, ‘এটা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস।’
এ সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মূলত দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর সমর্থন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আমাদ। ২০২১ সালের সিটি নির্বাচনে কাউন্সিলে সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এএনসি। আর কাউন্সিলে থাপেলো আমাদের আল জামা-আহ পার্টির আসন মাত্র তিনটি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.