স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিং-২০২৩ অনুযায়ী, শিক্ষা ও গবেষণার দিক দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ১৩৬৫ তম এবং দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এই উচ্চ শিক্ষায়তনটি।
সম্প্রতি বিশ্বের দুই শতাধিক দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আন্তজার্তিক এই তালিকা প্রকাশ করেছে ওয়েবামেট্রিক্স।
বিশ্বের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা পদ্ধতি, গবেষকদের গবেষণার মান, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকাসহ কয়েকটি মানদন্ড বিবেচনায় নিয়ে প্রতিবছর এ তালিকা নিজস্ব ওয়েবাসাইটে প্রকাশ করে থাকে স্পেনের ওই প্রতিষ্ঠানটি।
সেক্ষেত্রে শিক্ষা ও গবেষনা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ নম্বর বিবেচনায় নিয়ে ওয়েবমেট্রিক্স র্যাংকিং তৈরি করা হয়।
২০২৩এ প্রকাশিত তালিকায় বাংলাদেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে রয়েছে দেশের প্রথম উচ্চ শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি বিশ্বে র্যাংকিংয়ে ৯৭৫, দেশে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্বে র্যাংকিংয়ে ১২১০ এবং দেশে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ব র্যাংকিংয়ে যার অবস্থান ১৩৬৫।
এরপরে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(বুয়েট), বিশ্ব র্যাংকিং ১৪৩২, পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৮২৫), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২০৬০), সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২১২৯), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৩০৯), নবম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাংকিং ২৪০৪), দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪১৪)।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, এটি অত্যন্ত আনন্দের খবর। এ র্যাংকিং অর্জন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সব সেক্টর সঠিকভাবে সমন্বয় করে কাজ করলে আগামীতে আমরা দেশসেরা হবো।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.