ভালো নেই জীবনমুখী বাংলা গানের পোস্টার বয় নচিকেতা চক্রবর্তী। চিকিৎসক পরামর্শে শেষ মুহূর্তে বাতিল করতে হলো শো। তবে নচিকেতার কী শারীরিক সমস্যা হয়েছে তা এখনো জানা যায়নি। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান নচিকেতা। সেই ভিডিওতে প্রিয় শিল্পীর চোখে-মুখে অসুস্থতার ছাপ দেখে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এদিন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সড়কপথে ৩৫০ কিলোমিটার যেতে পারবেন না বলে জানান নচিকেতা।
আয়োজকদের নিজের অসুবিধার কথা জানালে তারা নচিকেতার সিদ্ধান্ত মেনে নেন। নতুন শিল্পীর খোঁজ করেন তারা। জানা গেছে, নচিকেতার বদলে রামপুরহাট উৎসবে গান করবেন বাবুল সুপ্রিয়।
অন্যদিকে ৪০ সেকেন্ডের ভিডিও বার্তায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন নচিকেতা। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। নচিকেতা বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’।
তিনি বলেন, ‘ডাক্তারবাবু আমাকে শো করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, পরের বার ওখানে গিয়ে আপনাদের মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু আমি পরে এর ক্ষতিপূরণ দেব’।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.