মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় সমাবেশে যোগ দিতে কুলাউড়া উপজেলা বিএনপির রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেদ রাজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্য-প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি রোধসহ এদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশ থেকে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শনিবার সকাল ১০টায় শহরের দক্ষিণবাজারের ফাইভ স্টার মার্কেটের সম্মুখ থেকে শতাধিক গাড়িযোগে অসংখ্য নেতাকর্মীর রোডমার্চ শুরু হবে। এ সমাবেশকে সফল করতে তিনি কুলাউড়ার সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলন শেষে অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে মহিলা দলের এক পদযাত্রা শহরের স্টেশন রোড প্রদক্ষিণ করে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/পল্লব-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.