প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:০৪ (শনিবার)
আখালিয়ায় ড্রেন নির্মাণে অনিয়ম, রডের বদলে বাঁশ

সিলেট মহানগরীর আখালিয়া নতুন বাজার এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজে অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। ড্রেন ৬ ফুট হওয়ার কথা থাকলেও ২ ফুট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ড্রেনের শেষদিকে রডের বদলে বাঁশ ব্যবহার করার অভিযোগ ওঠেছে।

জানা গেছে, সম্প্রতি আখালিয়া নতুন বাজার এলাকায় সড়কের পাশে প্রায় দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এই কাজ শুরু হয়। ড্রেনের শেষদিকে এসে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

তারা বলছেন, ড্রেন ৬ ফুট হওয়ার কথা থাকলেও তা হয়নি। উপরে ৬ ফুটের স্ল্যাব বসানো হলেও নিচে চওড়ায় ড্রেন মাত্র ২ ফুট। এ ছাড়া ড্রেনের শেষ মাথার দিকে ঢালাইয়ের কাজে রড ব্যবহার করা হয়নি। রডের বদলে সেখানে বাঁশ ব্যবহার করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তারেক আহমদ বাবুল বলেন, আগে রডের বদলে বাঁশ ব্যবহারের কথা শুনেছি। এখন বাস্তবে দেখলাম। ড্রেন নির্মাণ কাজে অনিয়ম ধরা পড়ায় স্থানীয়রা তা বন্ধ করে দিয়েছেন।

ড্রেন নির্মাণকাজ সাব-কন্ট্রাক্টে করছেন স্থানীয় আব্দুল মোমিন নামের এক ঠিকাদার। তবে কাজ করার বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেন, সিসিকের পক্ষ থেকে এই ওয়ার্ডে যেসব কাজ হয়, আমরা তা তদারকি করি। তবে এই কাজের বিষয়ে আমরা কিছুই জানি না।

সিসিক কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস বলেন, ড্রেনের শেষ মাথায় এসে যেনতেনভাবে ঢালাই করার বিষয়টি শুনেছি। আপাতত কাজ বন্ধ রয়েছে। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে যা করা দরকার, তা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে