২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে চেম্বারের ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির এক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের পরিচালক এবং ভ্যাট, বাজেট, কর ও শুল্ক সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ আবু তাহের মো. শোয়েব।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে প্রতিবছর জাতীয় বাজেটে প্রস্তাবনা প্রেরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে সকল সেক্টরের ব্যবসায়ীদের পরামর্শ ও সুপারিশক্রমে প্রস্তাবনা প্রেরণের জন্য এ সভা আহবান করা হয়েছে।
তিনি বলেন, আমদানি-রপ্তানি, ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা প্রায়শই সমস্যার সম্মুখীন হন। এসব বিষয়ে আলোচনাক্রমে সুচিন্তিত প্রস্তাব প্রেরন করা হলে তা ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক হবে।
তিনি সকল সেক্টরের ব্যবসায়ীদের নিজ নিজ সেক্টর থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার অনুরোধ জানান।
শোয়েব জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রাক-বাজেট আলোচনা সভায় অংশগ্রহণ করতে সিলেটে আসবেন। ব্যবসায়ীদের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবনাসমূহ প্রাক-বাজেট আলোচনা সভায় উত্থাপন করা হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো. আতিক হোসেন, কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এফসিএ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, অ্যাডভোকেট মো. মাজহারুল হক, চেম্বার সদস্য মজলু মিয়া, মো. ফজলুর রশীদ চৌধুরী, মো. আব্দুল কাদির, টিটু তালুকদার, হাসান কবির চৌধুরী ও শাহ মো. নাজমুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.