প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০৪ (শনিবার)
বক্তব্য টুইস্ট করা হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে একের পর এক বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য ‘টুইস্ট’ (অতিরঞ্জিত করা) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি নিজেই। আজ শুক্রবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে  ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, “বিদেশি কূটনীতিকরা দেশে সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। আর এ বক্তব্য সবাই ‘টুইস্ট’ করেছে। পাঠকপ্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধু টুইস্ট করে।”

অনুষ্ঠানে সিলেট-১ আসনের এই সাংসদ বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হবে। সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে।

ড. মোমেন বলেন, আমরা মিথেন গ্যাস কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৫ সালের মধ্যে আমরা এসডিজিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অনেক অবদান রাখছে। এ বিষয়টি মানুষকে জানাতে হবে। যাতে এ খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল।

এ সময় প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডালিম/আরআই-কে