হবিগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ও খোয়াই, সুতাংসহ হবিগঞ্জের সকল নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ‘ছবি এঁকে ব্যতিক্রীম প্রতিবাদ’ করা হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নদীর অধিকার’।
১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পী আশিস আচার্য প্রমুখ।
মূল বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল। ছবি এঁকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ।
তোফাজ্জল সোহেল বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের ফলে নদ-নদী, খাল, জলাশয়গুলো দূষিত হিসেবে পরিচিতি লাভ করেছে! শুরু থেকেই কল কারখানা গুলো বেপরোয়াভাবে দূষণ চালিয়ে আসছে যা সংশ্লিষ্ট গ্রামসমূহের বাসিন্দাদের সাংবিধানিক অধিকারের উপর প্রত্যক্ষ আঘাত।
কলকারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরন এবং সুষ্ঠু শিল্পায়নের প্রয়োজনীয় ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য বার বার আহবান জানিয়েছে আমরা। কিন্তু দূষণ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
তিনি আরো বলেন, উজানে ভারত সরকারের পানি সমীকরণ এবং দেশের অভ্যন্তরে দখল-দূষণ, খনন না হওয়ায় খোয়াই নদী ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্ষা মৌসুমে মানুষকে বন্যা আশঙ্কায় আতঙ্কে থাকতে হয়। অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত বালু মাটি উত্তোলনের ফলে নদীর তীর ঝুঁকিতে থাকে। অথচ এই নদীর উপর নির্ভর করে জেলার কৃষি ও ব্যবসা-বাণিজ্যের বাণিজ্যের একাংশ।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.