পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন রাজধানীর ২টি স্থানসহ ৮টি বিভাগীয় শহরে মোট ১০টি স্থানে ট্রাকের মাধ্যমে তেল, আটা, গুঁড়া মশলা ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
রমজানে প্রতিদিন সকাল থেকে জাতীয় সচিবালয়ের সামনে এবং কারওয়ান বাজার এলাকা ছাড়াও বিভাগীয় শহর যেমন চট্টগ্রামের অক্সিজেন মোড়, সিলেটের বন্দর এলাকা, বগুড়ার সাতমাথা, খুলনার গল্লামারী মোড়, বরিশালের চৌমাথার হাতেম আলী কলেজ, ময়মনসিংহ টাউন হলের মোড়, কুমিল্লা চাট্টিপট্টি মসজিদ, ফরিদপুরের চকবাজার এলাকায় এই বিক্রয় কার্যক্রম চলবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। টিসিবি ভবনের সামনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একই সময়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদ ইসলাম, যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম উকিল, সহকারী নিয়ন্ত্রক রিফাত চৌধুরীসহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অথিতিরা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার আজ থেকে বসুন্ধরাও এই কর্যক্রমে সরকারের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।
বসুন্ধরা ফুড ডিভিশনের হেড অফ সেলস রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যাবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্ৰুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাসাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছরজুড়ে এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত
আইটি ল্যাব সলিউশন্স লি.