সিলেট নগরীর আখালিয়ায় তারাবির নামাজের সময় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
বৃহস্পতিবার তারাবির নামাজের সময় আখালিয়া বড়বাড়ি চান্দিআলা ২৬/১ নম্বর বাসায় চুরির এ ঘটনা ঘটে।
বাসার মালিক জালালাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মাহবুবুল হাসান মাহী জানান, তার বাবা ও মা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি বাসায় একা থাকেন।
বৃহস্পতিবার তারাবির নামাজ পড়তে তিনি মসজিদে যান। ফিরে এসে দেখেন জানালার গ্রিল কেটে চোর বাসায় ঢুকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। স্বর্ণালঙ্কারগুলো তার বোনের ছিল। বোন পাঠানটুলাস্থ স্বামীর বাসায় থাকেন।
মাহী জানান, চোরেরা প্রথমে বাসার সিসি ক্যামেরার লাইন কেটে সংযোগ বিচ্ছিন্ন করে। পরে গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। বাসার আলমিরাসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে পালিয়ে যায়। চুরির ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহী।
সিলেটভিউ২৪ডটকম/ সবুজ/ শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.