এবার সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন তিন বারের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু। সোমবার (২২ মে) বিকেলে নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে সিসিকের ১৯নং ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে সবাইকে নির্বাচনে অংশ না নেওয়ার আহবান জানান।
এসময় তিনি বলেন বলেন, আমি বিএনপির একজন কর্মী। আমার এ পর্যায়ে আসার পেছনে বিএনপির অবদান অনস্বীকার্য। তিনবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে আমি জনগণের ভোটের খেয়ানত করিনি। বিগত দিনগুলোতে এলাকাবাসীর যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তার ঋণ আমি শোধ করতে পারব না।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। দেশে আজ ভোটাধিকার নেই। গণতন্ত্র ও সুশাসন আজ প্রশ্নবিদ্ধ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অবস্থায় কার্যত বন্দিজীবন কাটাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছেন না। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে। গ্রেপ্তার-নির্যাতনের পাশাপাশি মিথ্যা ও গায়েবি মামলায় মাধ্যমে হয়রানি করা হচ্ছে নেতাকর্মীদের। আমাকেও সাজানো ও বানোয়াট মামলায় শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিলো। এবার ভোট হচ্ছে ইভিএমে। ডিজিটাল ডাকাতির কারণে আমার বাক্সে ভোট যাবে না। বিগত নির্বাচনেও আমার নিশ্চিত বিজয় হাইজ্যাক হয়েছিলো।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী. মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত
আইটি ল্যাব সলিউশন্স লি.