প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩ ১৭:০২ (বৃহস্পতিবার)
অ ব রো ধে পর্যটকশূন্য সিলেট

হরতাল-অবরোধে সিলেটের পর্যটন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। সরকারবিরোধী বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলার ডাকা হরতাল ও টানা অবরোধে পর্যটকশূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী সিলেট। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা। পর্যটন খাতকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

পর্যটনকে কেন্দ্র করে সিলেটে গড়ে উঠেছে শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। কিন্তু হরতাল আর টানা অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী সিলেট। সংশ্লিষ্টদের দাবি, গেল এক সপ্তাহে অবরোধের কারণে সিলেটে পর্যটক না আসায় মোটা অংকের ক্ষতির মুখে পড়েছেন তারা।

ব্যবসায়ীরা বলেছেন, অক্টোবর মাস থেকে শুরু হয় পর্যটন মৌসুম। নভেম্বর-ডিসেম্বরে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে সিলেট। কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই বিএনপি-জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধের কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে সিলেট। এতে বিপাকে পড়েছে হোটেল মালিকরা একই সাথে বিভিন্ন স্পটের ফটোগ্রাফার এবং নৌকা চালকরা।

 

সিলেটের হোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সভাপতি এ টি এম সুয়েব জানান, বছরের এই সময়টায় মূলত দেশি ও বিদেশি প্রচুর পর্যটক সিলেটে এসে থাকেন। পর্যটনের এমন ভরা মৌসুমে চরম হতাশ সিলেটের হোটেল ব্যবসায়ীরা। অবরোধের কারণে সকল বুকিং বাতিল হয়ে গেছে। খালি পড়ে আছে হোটেল কক্ষগুলো। হরতাল আর টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাই ব্যবসায়ীদের এ হতাশার কারণে। প্রতিদিন সিলেটের পর্যটন ক্ষাতে লোকসান গুণতে হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। অন্তত পর্যটন খাতকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান তিনি। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে এই লোকসানের বোঝা আরো বাড়বে বলে আশংকা তার।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত