প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৪ ১৯:৩৩ (বৃহস্পতিবার)
পর্যটকদের বরণে প্রস্তুত প্রকৃতিকন্যা সিলেট

সিলেটের টিলা, পাহাড়, পাথর, ঝরনা আর চা-বাগানের সৌন্দর্য দেখতে প্রতিবছরই ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে ভিড় জমান পর্যটকেরা। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। সে জন্য সকল প্রস্তুতিও নিয়ে রেখেছেন তার। জানিয়েছেন পর্যটকরা যাতে নির্বিঘ্নে সিলেটে বেড়াতে পারেন সে জন্য নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে জোর দিয়েছেন তারা।


দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল, পান্তুমাই, চা-বাগান বেশ জনপ্রিয়। এ ছাড়া সিলেটজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট পাহাড়-টিলা আর ঝরনা দেখতে ভিড় জমান পর্যটকেরা। শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) মাজারেও প্রচুর মানুষ বেড়াতে আসেন। ঈদের দীর্ঘ ছুটিতে কিছুটা স্বস্তির খোঁজে অনেকেই সিলেটে ভিড় জমাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে প্রায় ১০ লাখ পর্যটকের উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।

ঈদ সামনে রেখে পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকানগুলো সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আমেজে। ইতিমধ্যেই সিলেটের অধিকাংশ হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।


সিলেটের বিভিন্ন ট্যুরিজম ক্লাবগুলো জানায়, প্রতি বছর ঈদুল ফিতরে ঢল নামে পর্যটক দর্শনার্থীদের। এবারও পর্যটকদের আনাগোনা আগের থেকে বেশি হতে পারে। এরই লক্ষ্যে পর্যটকদের কথা বিবেচনা করে বাড়তি ব্যবস্থা তারা।


সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ'র সাবেক সভাপতি আবু তাহের মুহাম্মাদ শোয়েব জানান, সিলেটের পর্যটন শিল্প নিয়ে আমাদের ভাবতে হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে পর্যটন শিল্পের বিকাশ ঘটালে পর্যটকরা আরও সিলেটমুখি করা যাবে। একই সাথে দেশের পর্যটনের উন্নয়ন হবে। সিলেটের রাস্তাঘাটগুলোর উন্নয়ন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
 

ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতে টুরিস্ট পুলিশ কাজ করবে।


 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-১৫১৩