প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৫৯ (বুধবার)
সাবেক বিচারপতি মানিকের অণ্ডকোষে ইনফেকশন, এখনো ওসমানী হাসপাতালে

ভারতে পালাতে গিয়ে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখনো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত থাকলেও এখনো মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল সূত্রে জানা যায়, অণ্ডকোষে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে।

 


গত ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটকের পর শনিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে আদালতে নেয়া হলে হামলার শিকার হন। এ সময় আদালত চত্বরে তার ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পৌঁছার পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি এবং অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই তার অস্ত্রোপচার হয়।

 


ওসমানী মেডিকেল সূত্রে গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অণ্ডকোষে ইনফেকশন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ২৭ আগস্ট তাকে হাসপাতালের তৃতীয় তলায় ১০ নং ওয়ার্ডের ১৩ নং কেবিনে হস্তান্তর করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাবেক এই বিচারপতির চিকিৎসা চলাকালে ৩ জন কারারক্ষী এবং ওসমানী মেডিকেলের আনসার সদস্যরা পাহারায় রয়েছেন। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 


এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। তবে তার অণ্ডকোষে অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে। মেডিকেল বোর্ডের তাকে এখেনো পর্যবেক্ষণ করছেন। ঢাকায় হস্তান্তরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রোগীর অবস্থার উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

 


ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে।

 


এদিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে গত ২৫ আসস্ট সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডি.আর